জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে বাস দুর্ঘটনায় মৃত ১১

bus accident

News Desk: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন ১৯ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে সুই গোয়ারির কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটি মোড় ঘুরতে গিয়ে ওই মিনি বাসটি পাহাড় থেকে গড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই মিনি বাসটি থাতরি থেকে ডোডা যাচ্ছিল। সুই গোয়ারের কাছে একটি মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদের মধ্যে উল্টে পড়ে। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই খবর দেন পুলিশকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু বাসটি বেশ কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ায় তোলা সম্ভব হচ্ছিল না। তাই খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর জওয়ানরা আসার পরই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকারী দল বাসটি থেকে একে একে যাত্রীদের উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কী কারণে বাসটি হঠাৎই খাদে গড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিলেন।

এই দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইট করেন, জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মৃতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে সরকার। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী এক নির্দেশে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে অনুরোধ করেছেন। পাশাপাশি নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এ দিনের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মাথাপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জেলা প্রশাসনকে যত শীঘ্র সম্ভব উদ্ধারকাজ শেষ করার জন্য পরামর্শ দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন মন্ত্রী।

জম্মুকে আর কোনও বৈষম্যের মুখে পড়তে দেব না: শাহী-সংকল্প

Amit Shah

News Desk: আগেকার দিন এবার ভুলে যান। আগে যা হওয়ার হয়েছে। নতুন করে জম্মুকে আর কোনও ভাবেই অবিচার ও বৈষম্যের শিকার হতে দেব না। জম্মুর উপর যাতে কোনও অবিচার না হয় তা নিশ্চিত করবে সরকার। রবিবার জম্মু-কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জম্মুতে এদিন শাহ বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদের নেতৃত্বে কাশ্মীরে শুরু হয়েছে উন্নয়নের নতুন যুগ। জম্মু ও কাশ্মীরের যথাযথ উন্নয়ন করাই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য। ২০১৯-এর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়। এদিন শাহ বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার করার পরেই পশ্চিম পাকিস্তানের শরণার্থী পাহাড়ি, বাল্মিকী, গুজ্জর বাকেরওয়াল এই সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতি ন্যায়বিচার করা হয়েছে। এদিনের সফরে জম্মুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন শাহ।

একই সঙ্গে স্থানীয় রাজনীতিবিদদের কটাক্ষ করে শাহ বলেন জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের জন্য এখানকার নেতারা কি করেছেন? তিনটি রাজনৈতিক পরিবার ৭০ বছর ধরে জম্মু-কাশ্মীরের শাসন ক্ষমতা ভোগ করেছে। কিন্তু এই দীর্ঘ সময়ে তারা এ রাজ্যের জন্য কি করেছে তার জবাব কি দিতে পারবে? শাহ তাঁর ভাষণ স্পষ্ট জানিয়ে দেন, জম্মু-কাশ্মীরে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে কোনওভাবেই তা বন্ধ হবে না। কাশ্মীরে আর কারও দাদাগিরি চলবে না। কাশ্মীরের মাটি হল ঈশ্বরের মাটি। এখানে মাতা বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে। এই মাটিতেই আত্মত্যাগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যারা জম্মু-কাশ্মীরের শান্তি নষ্ট করার চেষ্টা করছে তারা কেউ পার পাবে না।

শাহ এদিন আরও বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের দেড় বছরের মধ্যেই জম্মু-কাশ্মীরে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে আসবে। এই বিনিয়োগ হলে রাজ্যের প্রায় ৫ লাখ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।

তবে, শাহর সফরের দ্বিতীয় দিনেও রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। এদিন সকাল দশটা নাগাদ সোপিয়ানের বাবাপোরা অঞ্চলে টহলরত জওয়ানদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। উভয়পক্ষের এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন এক নিরীহ দুধ ওয়ালা। মৃত দুধওয়ালার নাম শাহিদ আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বিষয়টি জানার পর শাহিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি বলেন, যারা শাহিদের মত নিরীহ মানুষকে খুন করে তারা কোনওভাবেই পার পাবে না। তাদের বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।

J&K: কাশ্মীর থেকেও সরাসরি বিদেশ যাত্রা করা যাবে

kashmir airport

নিউজ ডেস্ক: এবার জম্মু-কাশ্মীর থেকেও সরাসরি বিদেশ যাওয়া যাবে। শনিবার তিনদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এই প্রথম আসছেন তিনি। সফরের প্রথম দিনে শাহ শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবেন তিনি।

তিন দিনের সফরের প্রথম দিনে শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই তাঁর জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। এই বৈঠকে কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। উপত্যকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের হাল-হকিকত সম্পর্কেও আলোচনা করবেন অমিত শাহ।

২০১৯ সালের জুন মাসে শেষবার কাশ্মীরে এসেছিলেন শাহ। কয়েকদিন আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ান চালু করার চেষ্টা চলছে। শ্রীনগর বিমানবন্দরের আয়তন দ্বিগুণ বাড়ানোর কাজ চলছে। এই বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার দেড় হাজার কোটি টাকা খরচ করবে। জম্মু বিমানবন্দরের সংস্কার ও উন্নয়নে সরকার খরচ করবে ৬০০ কোটি টাকা।

ইতিমধ্যেই কাশ্মীরের ডিভিশনাল কমিশনার শ্রীনগর বিমানবন্দরের খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। সেখানকার আধিকারিকদের সঙ্গে তিনি বিস্তারিত কথা বলেছেন।

এদিকে শাহর সফরের জন্য গোটা কাশ্মীর উপত্যকা কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। উপত্যকায় অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। আকাশপথে ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। নিয়োগ করা হয়েছে দক্ষ স্নাইপার ও সার্প শ্যুটারদের। তিনদিনের সফরে শাহ প্রথমে যাচ্ছেন শ্রীনগর। তারপর তিনি জম্মুতে যাবেন। জম্মু থেকেই তিনি দিল্লি ফিরবেন।

বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি উধমপুর এবং হান্দওয়ারায় দুটি নতুন সরকারি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করতে চায় নরেন্দ্র মোদী সরকার। সে কারণেই মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আন্তর্জাতিক উড়ান পরিষেবার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।