Ushti : উস্তিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা

west bengla police

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তি থানা এলাকায় রবিবার রাতের অন্ধকারে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন ওই যুবক। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আক্রান্ত যুব তৃণমূল (TMC) নেতার নাম সুজাউদ্দিন গাজি। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। রবিবার রাত ১০টা নাগাদ উস্তির উত্তর কুসুম এলাকা দিয়ে যাওয়ার সময় সুজাউদ্দিনকে আচমকা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ।

পুলিশ গিয়ে সুজাউদ্দনিকে উদ্ধার করে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

এদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই সুজাউদ্দিনের অস্ত্রোপচার শুরু করা হয়েছে। তাঁর পেটে একটি গুলি লেগেছিল, যা পিঠ থেকে বেরিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সুজাউদ্দিনের পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন।

Sayantika Banerjee: পথ দুর্ঘটনার আহত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Sayantika Banerjee

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সায়ন্তিকার গাড়িতে ১২ চাকার একটি লরি ধাক্কা মারে। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি বাঁকুড়ায় ছিলেন। সেখানে জনসংযোগ করেন। এলাকা ঘুরে দেখেন। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময় রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে লরিটি এসে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটির একাংশ দুমড়ে যায়। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। গাড়িতে থাকা আরও কয়েকজন চোট পেয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা।

তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সায়ন্তিকার গাড়িটিকেও থানায় নিয়ে গেছে কাঁকসা থানার পুলিশ।