Kolkata: করোনার থাবা মন্ত্রী অরূপ বিশ্বাসের শরীরে,ভর্তি হাসপাতালে

News Desk: রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হলেন। মৃদু উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন । সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিচ্ছেন। এটি একটি কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে।

জানা গিয়েছে, অরূপ বিশ্বাস সম্প্রতি গায়ে ব্যথা এবং হালকা জ্বর অনুভব করেন । তারপরই তিনি কোভিড পজিটিভ পরীক্ষা করিয়ে দেখা যায় ।

করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালের যে কেবিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল, সেই একই কেবিনে মন্ত্রীকেও ভর্তি করা হয়েছে। তবে তিনি করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত কি না তা জিনোম সিকোয়েন্সিংয়ের পরেই জানা যাবে ।

কলকাতার পুরভোটে টালিগঞ্জ এলাকার নানা ওয়ার্ডে দলীয় প্রার্থীদের প্রচারে অরূপ বিশ্বাসকে দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি ছিলেন কলকাতার মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনেও। এরপরই রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রীর সংক্রমিত হওয়ার খবর মিলল।

Carbon Emissions: ভারত এখনও কার্বনের আঁতুরঘর, পিছন থেকে ‘Leading the World…’

Modi

News Desk: নরেন্দ্র মোদী রয়েছেন নরেন্দ্র মোদীতেই। শব্দ জালে ফের বোঝাতে চাইলেন ‘সব চাঙ্গা হ্যায়’। জলবায়ু পরিবর্তন এবং কার্বন নির্গমনের বিরুদ্ধে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত। কিন্তু সত্যি কি তাই?

নতুন বছরের প্রথম দিনে নিজ সরকারের গুণগান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে অন্যতম বিষয়- জলবায়ু পরিবর্তন এবং কার্বন নির্গমন। তাঁর মতে, ‘”জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত। ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমনের দিক থেকে দেশ হবে ‘নেট জিরো’।” নেট জিরো অর্থাৎ, মোট শূন্য শতাংশ।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, উক্ত সালের মধ্যে ভারতে একেবারে বন্ধ হবে কার্বন নির্গমন। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বড় সমস্যা কার্বন। বিজ্ঞানী, বিদ্বজ্জনেরা পূর্বে বহু বার সতর্ক করেছেন কার্বন নিঃসরণ এর ব্যাপারে। জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একের পর এক সম্মেলন করেছেন বিশ্বের তাবড় তাবড় দেশনায়কেরা। ভারতও রয়েছে তার মধ্যে। মোদীর দাবি, এক্ষেত্রে অন্যায় দেশগুলিকে পথ দেখাচ্ছে ভারত।

প্রধানমন্ত্রীর আশ্বাসবাণী এবং পরিসংখ্যান এর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। বিশ্বব্যাপী কার্বন উৎপাদক দেশগুলির মধ্যে ভারতের স্থান প্রথম সারিতে। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় এসেছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এর চার বছর পর অর্থাৎ ২০১৮ সালে কার্বন নির্গমনের তালিকায় ভারত জায়গা পেয়েছিল প্রথম দিক থেকে তিন নম্বরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, উক্ত বছরে ভারতে কার্বন নির্গমনের পরিমাণ ছিল ২.৫৬ জিটি। যা বিশ্বব্যাপী উৎপন্ন মোট কার্বনের প্রায় ৭ শতাংশ। CO2 উৎপাদনের ক্ষেত্রে তৎকালীন ‘ফার্স্ট-বয়’ এবং ‘সেকেন্ড-বয়’ যথাক্রমে, চিন ও (২৮ শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (১৫ শতাংশ)। তখন চতুর্থ স্থানে ছিল রাশিয়া (৫ শতাংশ)।

পাওয়া গিয়েছে ২০১৫ সালের কিছু তথ্যও। সে’বছর কার্বন উৎপাদনের ক্ষেত্রে ভারতের ‘অবদান’ ছিল ৬.৮ শতাংশ। ২০১৮ সালে প্রায় ৭ শতাংশ। অর্থাৎ আমাদের দেশে ঊর্ধ্বমূখী ছিল কার্বন-ডাই-অক্সাইডের জন্মহার। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে ভারতীয় জনতা পার্টি।

এমিশন ডেটাবেস ফর গ্লোবাল অ্যাটমোস্ফিয়ার রিসার্চের তথ্য অনুযায়ী, ২০১৯ ভারতে তখনও কার্বনের আঁতুরঘর। এক রেখাচিত্র অনুযায়ী, ১৮৫০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে জীবাশ্ম জ্বালানী। ‘ভারত’ অগ্রগণ্য এক নাম। জীবাশ্ম জ্বালানী সম্পর্কিত অপর এক রেখচিত্রেও উজ্জ্বল ভারত। ২০০০ সালের পর থেকে কার্বন নির্গমনের গ্রাফ ঊর্ধ্বগামী। উল্লেখিত দ্বিতীয় রেখাচিত্রের তথ্য-কাল ১৯৭০-২০১৮ পর্যন্ত।

যদিও কার্বন নির্গমন সংক্রান্ত তথ্যগুলো প্রকাশ করেছে বিভিন্ন বিদেশি সংস্থা।

ATM: বছরের শুরুতেই পকেটে হামলা, টাকা তুলুন সাবধানে

News Desk: নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা। এটিএম থেকে বাড়তি লেনদেনের জন্য গ্রাহকদের এবার গুনতে হবে অতিরিক্ত অর্থ। আগে বিনামূল্য সীমা অতিক্রম করার পর আর্থিক লেনদেনের জন্য দিতে হতো ২০ টাকা। নয়া নির্দেশিকার পর বৃদ্ধি পেয়েছে এটিএম-এর এই চার্জটি।

এটিএম-এর চার্জ বৃদ্ধির বিষয়টি গত বছরেই চূড়ান্ত হয়েছিল। জুনের ২১ তারিখে আরবিআই-এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনুমতি- অটোমেটেড টেলর মেশিন থেকে অতিরিক্ত লেনদেন করলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দিতে হবে ২১ টাকা। সঙ্গে যোগ হতে পারে অতিরিক্ত শুল্ক। আগে যা ছিল ২০ টাকা। শেষবার এই চার্জ বেড়েছিল ৭ বছর আগে, ২০১৪ সালে।

এক নির্দেশিকায় আরবিআই জানিয়েছে, শেষবার ২০১২ সালে অগস্টে এটিএম লেনদেনের ফি বা চার্জের কাঠামোয় সংশোধন করা হয়েছিল। এরপর ২০১৪ সালে বদল আনা হয়েছিল গ্রাহকদের পরিষেবা মূল্যে। চার্জ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ২০১৯ সালে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটির পরামর্শ মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

কেন নেওয়া হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত? বিগত সাত বছরে বদলেছে দেশের আর্থিক খতিয়ান। যে সংস্থাগুলি গ্রাহক পরিষেবায় নিযুক্ত, এই ক’বছরে খরচ বেড়েছে তাদেরও। ফলত সুষ্ঠু পরিষেবা বহাল রাখার স্বার্থে এক টাকা করে বাড়ানো হয়েছে অতিরিক্ত লেনদেনের চার্জ। কমিটির পরামর্শ মোতাবেক গত বছর ১ অগস্টে বাড়ানো হয়েছিল সংস্থাগুলির থেকে নেওয়া পরিষেবা মূল্যও। অর্থনৈতিক লেনদেনের জন্য আগে যা ছিল ১৫ টাকা, পরে তা বেড়ে হয়েছে ১৭ টাকা। অর্থনৈতিক লেনদেন ব্যতীত লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা থেকে চার্জ বেড়ে হয়েছিল ৬ টাকা৷

বর্তমানে গ্রাহকরা তাঁদের নিজস্ব ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা লেনদেন করতে পারেন পাঁচবার। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে রয়েছে অন্য নিয়ম। মেট্রোপলিটন শহরে তিনবার কোনও চার্জ ছাড়া টাকা তোলা যায় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে। মেট্রোপলিটন ব্যতিরেকে অন্য কোনও জায়গা থেকে এই সুবিধাই পাওয়া যায় পাঁচবার।

Bangladesh: বাতিল বই উৎসব, বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে বাংলাদেশি পড়ুয়ারা

News Desk: ইংরাজি নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করল বাংলাদেশ সরকার। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না বই উৎসব।

বাংলাদেশ শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার ৪ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মধ্যে ৩ কোটি ৭০ লক্ষ ২২ হাজার ১৩০টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আগামীয় ১২ দিনের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। বই পাবে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়ারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। শুক্রবার পর্যন্ত মাধ্যমিকের ৯৫ শতাংশ বই পৌঁছানোর কথা।পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।

TMC: চব্বিশে পা, আঞ্চলিক দল থেকে ‘অনিশ্চিত’ সর্বভারতীয় পথে তৃণমূল কংগ্রেস

TMC

News Desk: দলের নামের সঙ্গে সর্বভারতীয় শব্দ জুড়ে থাকলেও পশ্চিমবঙ্গের তিনবারের শাসক দলের সঙ্গে এই শব্দ যায় কি? তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কয়েকটি রাজ্যে রাজনৈতিক অভিযান প্রমাণ করছে তিনি শব্দটি বাস্তবায়নে মরিয়া। সেই লক্ষ্যে চব্বিশ বছরে পা রেখে আঞ্চলিক দল থেকে অনিশ্চিত সর্বভারতীয় পথে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 

১৯৯৮ সালের ১ জানুয়ারি রাজ্যে প্রদেশ কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে এখনও তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী  মমতা।

জন্মের পর এই সময়ে টিএমসি তার সর্বোচ্চ উচ্চতায় বিরাজ করছে। পশ্চিমবঙ্গে তিনবার সরকার গঠন। মেঘালয়ে প্রধান বিরোধী দল। ত্রিপুরার পুর নির্বাচনে আচমকা ফের চর্চায়। গোয়াতে লড়াই করার কৌশল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কংগ্রেস ও অন্যান্য দল ভাঙিয়ে বিরোধী আসনের তকমা পাওয়ার নীতি নিয়েছে দলটি। আসন্ন ত্রিপুরা বিধানসভা ভোটে টিএমসিকে সে রাজ্যে মূল প্রতিপক্ষ করতে মরিয়া প্রচার চেষ্টা চালাচ্ছে সংস্থার ভোট কুশলী সংস্থা আইপ্যাক।

দলটির এই বিস্তৃতির চেষ্টা প্রমাণ করছে, আঞ্চলিকতা ত্যাগ করতে চাইছেন দলনেত্রী মমতা। পশ্চিমবঙ্গে গত বাম জমামায় শাসক সিপিআইএমের দখলে ছিল তিনটি রাজ্য। এছাড়া দেশজোড়া সংগঠন। বিভিন্ন রাজ্যে সাংসদ ও বিধায়ক। কালক্রমে বামেরা এখন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে অপসারিত। একমাত্র কেরলে ক্ষমতায়।একইভাবে একমাত্র পশ্চিমবঙ্গেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেস।

এই ফলের হিসেবে বাম ও তৃণমূল কংগ্রেস একই আসনে আছে। তবে টিএমসির দাবি, দল সর্বভারতীয় তকমা তুলবেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মোদী বিরোধী মুখ।

বিরোধীদের কটাক্ষ, আরও অনেক রাজ্যে মোদীর নেতৃত্বে বিজেপির পরাজয় হয়েছে। কংগ্রেস, সিপিআইএম, ডিএমকে, আম আদমি পার্টি, টিআরএস, বিজেডির মতো দলগুলিও মোদীর বিজয় রথ থামাতে পেরেছে। উত্তর পূর্বে, বিভিন্ন আঞ্চলিক দলের উপরেই বিজেপি নির্ভর করে। কী করে মমতা দাবি করেন তিনিই একমাত্র মোদী বিরোধী মুখ।

রাজনৈতিক এই পরিস্থিতির মাঝে তৃণমূল কংগ্রেস মরিয়া তার সর্বভারতীয় তকমা প্রতিষ্ঠিত করতে। প্রশ্ন পশ্চিমবঙ্গের বাইরে আর কোনও রাজ্যে কি টিএমসি সরকার গড়বে? বিশ্লেষকদের মতে যদি তা করতে পারেন মমতা, তাহলে তিনি সর্বভারতীয় নেত্রীর তকমা পেতে পারেন।

J&K: বৈষ্ণোদেবী মন্দিরে ভিড়ের চাপে মৃত ১২

News Desk: বৈষ্ণোদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম একাধিক দর্শনার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।

বর্ষবরণের গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। ভিড়ের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি তার জেরে মর্মান্তিক এই ঘটনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্য ১ লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

US: দাবানলের আগুনেই নতুন বছর, হাজার হাজার আমেরিকান গৃহহীন

News Desk: মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্য কলোরাডোয় দাবানল আরও বড় আকার নিল। বছর শেষ ও নতুন শুরুর মুহূর্তে এ এক নিদারুণ পরিস্থিতি। হাজার হাজার আমেরিকান গৃহহীন।

ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান। দমকল কর্মীরা দিন রাত কাজ করছেন। প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে দাবানল লেগেছে। অন্তত ৫০০ বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো শুষ্ক অঞ্চল। চলতি বছর সেখানে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে আরও বেশি শুষ্ক হয়ে গেছে। খরা পরিস্থিতি। এই অবস্থান দাবানল ছড়িয়েছে।

বিবিসি জানাচ্ছে দাবানল ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দাবানলের তাণ্ডবে মৃত্যু ও আহতের আশঙ্কা রয়েছে।
কলোরাডোর মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি।

Covid 19: মোলনুপিরাভির খেলেই মরবে করোনা, খাওয়ার নিয়ম জানেন কি?

third wave may not come: Experts

News Desk : ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে, তখনই মোলনুপিরাভিরের অনুমোদন ভারতবাসীর কাছে এনে দিল কিছুটা স্বস্তির সংবাদ। শুধু করোনার মোকাবিলা করতে বাড়িতে বসেই জলের সঙ্গে গুলে খাওয়া যাবে, এমন ওষুধ ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশ সহ একাধিক দেশে আগে অনুমোদন পেলেও এই প্রথমবার ভারতে স্বীকৃতি পেল। ভারতের বাজারে এই মোলনুপিরাভিরের পোশাকি নাম হবে, মোলক্সভির।

কী এই মোলনুপিরাভির?

মূলত এটি কোভিডের অ্যান্টি ভাইরাল পিল হিসেবে কাজ করবে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশেনের নির্দেশ অনুসারে, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর উপসর্গ দেখা দেওয়ার দিন পাঁচেকের মধ্যে এই ওষুধ খেতে পারলে, সবথেকে ভালো কাজ হবে। মনে করা হচ্ছে, এই ওষুধ লাভদায়ক হবে যে কোনও ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই। মোলনুপিরাভির বাজারে প্রথম আনে মার্কিন সংস্থা মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

কারা খাবেন, কী ভাবে খাবেন?

আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রাখা সম্ভব হলে, সেই ব্যক্তিকে দিনে দু বার মোলনুপিরাভির পাঁচ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। দুটি ওষুধ খাওয়ার মাঝে থাকতে হবে ১২ ঘণ্টার ব্যবধান। করোনা আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা যদি ৯৩ শতাংশের নীচে নেমে যায়, সে ক্ষেত্রে ওই ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

কারা খেতে পারবেন না ?

এই ওষুধ খেতে পারবে না শিশু বা ১৮ বছরের কম বয়সীরা । যদি আক্রান্তকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না।একটানা পাঁচদিনের বেশি ওষুধটি কখনও খাওয়া যাবে না। গর্ভবতী মহিলারদের ক্ষেত্রে ওষুধে নিষেধাজ্ঞা আছে। কারণ, মোলনুপিরাভির খেলে সন্তানের জন্মের সময় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Kolkata: করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন “দাদা”

Sourav Ganguly

Sports desk: সম্প্রতি, কোভিড-১৯ ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে’র (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মারণ ভাইরাসের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে সুস্থ হওয়াতে চিকিৎসকদের দল মহারাজকে হাসপাতাল থেকে রিলিজ করেছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। এই সময় প্রায় তিনজন চিকিৎসক টিম সারাক্ষণ সৌরভের চিকিৎসার তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলতি বছরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে হার্ট অ্যাটাকের কারণে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এ সময় তাকে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা নিয়ে চিকিৎসকরা মেডিকেল বুলেটিনে জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও দাদা কয়েকদিন নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন। এ সময় তার স্বাস্থ্যেরও খেয়াল রাখা হবে। এছাড়া তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং শ্রীঘ্রই মানুষের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

 ২০২১ সাল দাদার জন্য বিশেষ কিছু ভাল কাটেনি। প্রথমে দাদাকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের বিতর্কেও নাম জড়িয়ে গিয়ে অবশেষে সমস্ত বিতর্কে ইতি টানতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতায় দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কাছে অধিনায়কত্বের বিতর্কে ঢোক গিলতে হয়। এই দুই বড় সমস্যা থেকে বেরিয়ে এসে সৌরভ করোনার কবলে পড়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ।

Sikkim: এসেছে ওমিক্রন,পর্যটকদের জন্য কড়া নিয়ম লালপাণ্ডার দেশে

News Desk: তুষারে মুড়েছে সিকিম। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় আছে। নতুন বছরে আরও ভিড়ের সম্ভাবনা। এদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়তে থাকায় চিন্তার কালো মেঘ সিকিমের আকাশে। পরিস্থিতি বুঝে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।

গ্যাংটকে সিকিম রাজ্য পর্যটন দফতর থেকে জানানো হয়েছে, পর্যটন সংক্রান্ত নতুন বিধিনিষেধ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মানতেই হবে সকলকে। বিশেষত হোটেল মালিকদের।

সিকিম সরকারের বিধিনিষেধগুলি:

ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের গতি বাড়ছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত হোটেল, লজে আবাসিকদের সংখ্যা ৫০ শতাংশ করতে হবে।

নতুন বছর উপলক্ষে এক জায়গায় জড় হয়ে ফুর্তি, কোনও জলসা বা হুল্লোড় করা যাবে না।

হোটেল বা লজে দূরত্ব বিধি মানতে হবে। স্বাস্থ্যবিধির উপর কড়া নজরদারি থাকবে।

গত কয়েকদিনে ভারি তুষারপাত হয়েছে সিকিমে। নাথু লা ও ছাঙ্গু লেক দেখতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছিলেন। হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে সেনা বাহিনী ও সিকিম পুলিশ।

Omicron: মহারাষ্ট্রের পর রাজস্থানে মৃত্যু, বছর শেষের ভয়

Omicron infection

News Desk: বছরের শেষ লগ্নে এসে ওমিক্রনের শিকার শুরু ভারতে। মহারাষ্ট্রের পর রাজস্থানে দ্বিতীয় শিকার করল করোনার এই ওমিক্রন ভ্যারিয়েন্ট।

শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭০।

শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৭৬৪ জন। এক দিনে মৃত্যু হয়েছে ২২০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮৫ জন। তবে শেষ ৮৮ দিন দেশে করোনা পজিটিভিটির হার দুই শতাংশের কম আছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে অ্যাক্টিভ কেশ ক্রমশই বাড়ছে। আক্রান্তদের মধ্যে অনেকেরই শরীরে রয়েছে ওমিক্রনের সংক্রমণ। সাম্প্রতিককালে বিদেশ যাননি এমন অনেকেই ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা যথারীতি মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। এই রাজ্যে ওমিক্রনের আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। দেশের প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজস্থানের উদয়পুর থেকে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তবে তাঁর সর্বশেষ রিপোর্ট করোনা নেগেটিভ।

দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশেও সংক্রমণ বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই বেশ কিছু দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের চিন্তাভাবনা চলছে।

দিল্লির লোক নারায়ন জয়প্রকাশ হসপাতালে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত ১১০ জনকে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে ওমিক্রন আক্রান্তদের কারও শারীরিক জটিলতা নেই।
এরইমধ্যে জানা গিয়েছে রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ করোনা আক্রান্ত হয়েছেন। সাংসদের শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, শেষ ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশে ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ জন ওমিক্রনের শিকার। সবচেয়ে বেশি ৪৩ জন ইন্দোর শহরে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে তেলেঙ্গানার একটি বেসরকারি কলেজের ৩৮ জন আক্রান্ত হয়েছেন। বিশ্বের ১২৫ টি দেশে করানোর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে।

Sourav Ganguly: করোনাকে আউট করে এবার বাড়ির পথে ‘মহারাজ’

Sourav Ganguly

Sports Desk: কিছুদিন আগেই করোনার কোপে পড়েন সৌরভ গাঙ্গুলি। এই খবর সামনে আসার পর থেকেই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে শুক্রবার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রনে সংক্রমিত হননি সৌরভ গাঙ্গুলি। করোনা আক্রান্ত হলেও সংকটজনক নয় তিনি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে বাড়িতেই কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা চলবে।

এই মুহূর্তে ওমিক্রন আতঙ্কে গোটা দেশে, ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগে জ্বর আসায় করোনা পরীক্ষা করা হয়েছিল সৌরভের। রিপোর্ট পজিটিভ এলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে তাঁর নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়। ওমিক্রনের সংক্রমণ না হওয়ায় কিছুটা স্বস্তি ফেরে চিকিৎসকদের মধ্যে। যদিও সৌরভের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

বিশ্বকে প্রথম Happy New Year বলে প্রবাল দ্বীপ কিরিবাটি

প্রসেনজিৎ চৌধুরী: হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভাল থাকবেন। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ কিরিবাটি বাসিন্দারা একথা জানিয়ে দিলেন বিশ্ববাসীকে।

ভৌগোলিক কারণে লন্ডনের গ্রিনিচ মেন টাইম (GMT) থেকে ১৪ ঘন্টা এগিয়ে থাকা কিরিবাটি দ্বীপের কিরিটিমাটি শহরেই বিশ্বে প্রথম ক্যালেন্ডারের পাতা নতুন বছরে ঢুকে পড়ে। বদলে যায় সাল তারিখ।

নারকেল ফুল, ঝিনুক, প্রবাল দিয়ে নতুন বছরকে স্বাগত জানান কিরিটিমাটির বাসিন্দারা। এরপর ঘড়ির কাঁটা ধরে সময় এগিয়ে যাবে, আর তারসঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে পালিত হবে নতুন বছরকে স্বাগত জানানোর পালা।

কেমন সে দেশ? সমুদ্র তরঙ্গে জীবন দেখা শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বন্দরে বন্দরে’ যারা পড়েছেন তাদের কাছে মনিমুক্তোর মতো ধরা আছে এই দ্বীপভূমির কথা। যারা অতীন বন্দ্যোপাধ্যায়ের কলম জাদুতে মগ্ন, তারাও পেয়েছেন প্রশান্ত মহাসাগরীয় এমন দ্বীপভূমির অনেক কথা। এখানে সাগর ফেনিল জীবন আর প্রবাল রূপের ছটা। 

দ্বীপ দেশ কিরিবাটি। প্রশান্ত মহাসাগরের বিশাল বিশাল ঢেউ এই দ্বীপের উপকূলে এসে মিলিয়ে যায়। নির্ভয়ে কচ্ছপ আর বিরল সামুদ্রিক প্রাণীরা এখানে ঘুরে বেড়ায়।

এহেন দ্বীপ কিরিবাটির অন্যতম শহর কিরিটিমাটির বর্ষ বরণ কিন্তু ঢাকা পড়ে যায় সিডনি, নিউইয়র্ক, টোকিও, লন্ডনের রোশনাই জৌলুসে। তবে ভৌগোলিক কারণে, ছোট্ট দেশটি সবার আগে ক্যালেন্ডারের পাতা উল্টে দেওয়ার গৌরব অর্জন করে। প্রকৃতি দিয়েছে এই উপহার।হা

<

p style=”text-align: justify;”>জার আলোর, কর্পোরেট তামাশার কোনও ক্ষমতাই নেই কিরিবাটি দ্বীপের কিরিটিমাটি শহরের বর্ষবরণকে টেক্কা দেওয়ার।

Omicron: ভারতে মৃত্যু শুরু, মহারাষ্ট্রে হাই এলার্ট

Covid 19-ekolkata24

News Desk: বছরের শেষেই মারণ হামলা। অবশেষে ওমিক্রন হানায় প্রথম মৃত্যু হলো দেশে। মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, নাইজেরিয়া থেকে ফিরে আসা ৫২ বছরের এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। তাঁর দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ডায়াবেটিস রোগী ছিলেন।

দেশে ওমিক্রন হামলার প্রথম শিকার তিনিই। এমনই জানাচ্ছে মহারাষ্ট্র সরকার। সংক্রমণের গতি দেখে দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে বিশেষ সতর্কতার বার্তা দেওয়া হয়।

বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ছড়ানোর কারণে স্বাস্থ্যমন্ত্রক ৮ রাজ্যকে অবিলম্বে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের হার ৪৩ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। চেন্নাই , গুরুগ্রাম, বেঙ্গালুরু , আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এর মধ্যে এদিন সবথেকে উদ্বেগজনক খবরটি এসেছে দিল্লি থেকে। রাজধানী দিল্লিতে ও মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে জারি হয়েছে সতর্কতা।

SMC Election: অশোকের শিলিগুড়ি ফর্মুলা ‘ফেল’, প্রতিপক্ষ ‘শিষ্য’ শংকর-ই ভরসা বিজেপির

sankar ghosh and ashok bhattacharya

News Desk: বিধানসভার ভোটে রাজনৈতিক গুরুকে পরাজিত করেছেন। তবে সৌজন্য কমেনি। আশীর্বাদ নিয়েই বিধানসভায় গিয়েছেন শংকর ঘোষ। বাম থেকে রাম হওয়া শিলিগুড়ির (SMC Election) বিজেপি বিধায়ক শংকর ঘোষের দাবি, এই শহরের পুরভোট বলে দেবে অশোকবাবুর ফর্মুলা ফেল করেছে।

বিজেপির দাবি, পুরনিগমের লড়াইয়ে পরিষেবা প্রাধান্য পায়, রাজনৈতিক তত্ত্ব নয়। বামপন্থী ও কংগ্রেস জোটের গত কর্পোরেশন বোর্ড পরিষেবা দিতে খামতি রেখেছিল। তার ফল মিলবে পুরভোটে। বিধায়ক শংকর ঘোষের দাবি, সিপিআইএম কোনও ফ্যাক্টরই নয় ভোটে।

শিলিগুড়ি কার? বিধানসভার ভোটে বিজেপির। আর পুরনিগম ভোটে? চতুর্মুখী লড়াইয়ে ভোটকাটাকাটির ফায়দা যে তুলতে পারবে তার দিকেই। এমনই মনে করছেন বিশ্লেষকরা।

কলকাতা পুরনিগমের মতো শিলিগুড়িতেও বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস জোট হচ্ছে না। কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে। তবে কিছু ওয়ার্ডে সমঝোতার চেষ্টা চলছে বলে দুই শিবিরের নেতারা জানাচ্ছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মাটিগাড়া-নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক ও প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতা শংকর মালাকার। কংগ্রেসের অভিযোগ, বামফ্রন্ট যেভাবে জোটের কথা বলেও একতরফা প্রার্থী দিয়েছে তাতে সমঝোতার রাস্তা বন্ধ।

২০১১ সালে বাম জমামার পতনের সময় শিলিগুড়ি গিয়েছিল তৃণমূল কংগ্রেস দখলে। এর পরেই কংগ্রেস ও সিপিআইএমের জোট সূত্রে বাজিমাত করেছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। পুরনিগমের দখল নেন, বিধানসভায় জয়ী হন। ‘শিলিগুড়ি মডেল’ রাজনৈতিক মহলে তীব্র আলোচিত হয়। তবে শিলিগুড়ি বাদ দিলে এই ‘মডেল’ অন্যত্র কার্যকরী হয়নি। সর্বশেষ বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চা তত্ত্ব নিয়ে বামফ্রন্ট , কংগ্রেস ও আইএসএফ জোটের ভরাডুবি হয়। শিলিগুড়িতে পরাজিত হন অশোক ভট্টাচার্য।

শিলিগুড়িতে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের মাঝখান থেকে বাম ত্যাগী বিজেপি হওয়া শংকর ঘোষ নির্বাচিত হয়েছেন। তাঁর কাধেই শিলিগুড়ি পুরনিগমের ভোট যুদ্ধের ভার দিয়েছে রাজ্য বিজেপি। শংকর ঘোষ নিজেও প্রার্থী হয়েছেন। তিনি বলছেন, পুরনো ধারণা থেকে বের হয়ে আসতে চাইছেন এখানকার বাসিন্দারা। পুরনিগমের ফলাফল সেটাই বলে দেবে।

AMC Election: শিলিগুড়িতে ‘ঠ্যালা বুঝে’ আসানসোলে একলা চলো নীতি বামেদের

biman-basu

News Desk: জোট নয় একলাই লড়বে বামেরা। আসন্ন পুরনিগম ভোটের আসানসোল পুরনিগমে সেই ছবি দেখা গেল। ১০৬টি ওয়ার্ডের সবকটিতে বামফ্রন্ট লড়াই করছে। পশ্চিম বর্ধমান জেলা বামফ্রন্টের তরফে সিপিআইএমের প্রার্থী তালিকা প্রকাশ হলো। বাকি বাম শরিকদের জন্য নাম পরে জানানো হবে।

উত্তরবঙ্গে শিলিগুড়ি পুরনিগমের জোট জট চলছে। সেখানে বামেদের তরফে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বলা হলেও কার্যত একতরফা প্রার্থী দিয়েছে বাম শিবির। এর পরেই কংগ্রেস বেঁকে বসেছে। এর প্রেক্ষিতে বাম-কংগ্রেস জোট নিয়ে সমর্থকদের প্রশ্নের ঠ্যালায় নেতারা  নিরাপদ পথ খুঁজছেন।

শিলিগুড়ির ঠ্যালার চোটে আসানসোলে জোট বা আসন সমঝোতার পথে গেলই না বাম শিবির। আসানসোল পুরনিগমের ভোটে বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের চতুর্মুুুখী লড়াই হচ্ছে।

কলকাতা পুরনিগমের ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তাৎপর্যপূর্ণ, বিরোধী দল বিজেপিকে টপকে বামফ্রন্ট বিরোধী হিসেবে ভোট নিরিখে উঠে এসেছে। কলকাতায় বামফ্রন্ট ও কংগ্রেসের কোনও জোট হয়নি। 

Nagaland: ওটিং গ্রামে ‘গণহত্যা’ তদন্তের মাঝে আফস্পা মেয়াদ বাড়াল সরকার

Nagaland

News Desk: আফস্ফার মেয়াদ ফের বাড়ল। এদিকে চলতি মাসেই ওটিং গ্রামে অসম রাইফেলসের গুলিতে ১৪ জনের মৃত্যুর জেরে আইনটি বাতিলের আন্দোলন চলছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সরকার আফস্পা বাতিলের দাবি জানিয়েছে।

সশস্ত্র বাহিনীর বিশেষ অধিকার আইন আফস্ফা (afspa) অবিলম্বে প্রত্যাহার করা হোক এমনই দাবি নাগাল্যান্ড সহ উত্তর পূর্বাঞ্চলবাসীরা। এই দাবিকে সমর্থন করছে নাগাল্যান্ড, মেঘালয় সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলি বরাবরই আফস্ফার প্রত্যাহারের পক্ষে। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আফস্ফার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে বলে জানাল।

গত ৩ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে অসম রাইফেলের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর আফস্ফা প্রত্যাহারের দাবি আরও জোরদার হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনও আফস্ফা প্রত্যাহারের দাবিতে পথে নামে। নাগাল্যান্ড এবং মণিপুর, মেঘালয়ের সরকার কেন্দ্র সরকারের কাছে বিতর্কিত আফস্ফা প্রত্যাহারের দাবি জানায়।

আফস্ফা প্রত্যাহারের দাবিতে নাগাল্যান্ড বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। মোদী সরকার আফস্পা জারি রেখেছে।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাস নাগাল্যান্ড উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত থাকবে। বজায় থাকবে আফস্ফা। উল্লেখ্য, একাধিকবার অভিযোগ উঠেছে, সেনাবাহিনী তাদের এই বিশেষ আইন বলে সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালায়। তাই এই আইন প্রত্যাহারের দাবি উঠেছে দীর্ঘদিন ধরেই।

উল্লেখ্য, নয়ের দশকে অসম, নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্বাঞ্চল ভারতের প্রায় সব রাজ্যকেই উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে এই বিশেষ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। প্রতি ছয় মাস অন্তর আফস্ফার মেয়াদ বৃদ্ধি করা হয়। ডিসেম্বরের প্রথমে ওটিং গ্রামে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর অনেকেই মনে করেছিলেন, কেন্দ্র হয়তো আর নতুন করে আফস্ফার মেয়াদ বাড়াবে না।

স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে আফস্পা আইন থেকেই যায় তাহলে কি ওটিংয়ের ঘটনার যথাযথ তদন্ত আদৌ হবে? ছড়াচ্ছে ক্ষোভ।

ধুর মশাই চায়নায় হায়না থাকে না ! ওখানে বাঘ নাচে

News Desk: শীতে কাঁপছে চিন দেশ। তুষারে ঢেকে থাকা চিনের বিস্তির্ণ এলাকা। চিনের শীত কেমন? প্রবল ঠান্ডায় জনজীবন কুঁকড়ে আছে। তাবলে বাঘেরা গা গরম করবে না নাকি! সেরকমই একটি ছবি নিয়ে দুনিয়া জুড়ে হই হই।

চিনা সংবাদমাধ্যম ‘China Daily’ প্রকাশ করেছে পূর্ব চিনের রঙ্গচেঙ্গ বন্যপ্রাণ পার্কের ছবি। সেখানে তুষার ঢাকা সবকিছু। ওয়াইল্ড লাইফ পার্কের চসমা বাঁদর, পান্ডারা যেমন বরফ নিয়ে মত্ত। তেমনই ডোরাকাটা বাঘেরা মেতে রয়েছে।

দুটি চিনা বাঘ বরফের মধ্যে নাচছে। চিনা ওরফে ডোরাকাটা রয়েল বেঙ্গলের এমন নৃত্যশৈলীর ছবি দেখে দুনিয়া জুড়ে চলছে আলোচনা। বাঘ কি নাচে নাকি? বিশেষজ্ঞরা বলছেন,এটি দুটি বাঘের খেলা। কোনও নাচানাচির ব্যাপার নয়। বরফের মাঝে বাঘ দুটো খেলছে। এদের ভঙ্গীতে নাচের মতো দৃশ্য তৈরি হয়েছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, কিছু এলাকায় দেখা দিয়েছে খাদ্যভাব। তবে কড়া শাসনের ঘেরাটোপে সেসব এলাকার খবর ঠিক মতো আসছে না। সেই সঙ্গে ছড়িয়েছে করোনা। হু হু করে বাড়তে থাকা সংক্রমণের কারণে লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দি। লকডাউন চলছে বেশ কিছু শহরের।

EC: রিগিং বিহীন পুরভোটের দাবি, গরম আন্দোলনে ‘শূন্য’ বামেরা চাঙ্গা হচ্ছে

News Desk: কলকাতা পুরনিগম ভোটে রিগিংয়ের অভিযোগ নিয়ে রাজনৈতিক মহল তীব্র আলোড়িত। আর কলকাতায় ভোটের নিরিখে বিরোধী তকমা পেয়ে তেড়ে ফুঁড়ে নামল বামফ্রন্ট। আসন্ন পুরনিগম ও পুরসভাগুলির ভোট নির্বিঘ্নে করানোর দাবিতে রাজ্য নির্বাচন কমিশন অভিযানে শীতের বেলায় হাওয়া গরম।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, তিনশোর বেশি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের গোলাম বলে কটাক্ষ করেছেন বাম নেতারা।

দুপুর থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে উত্তেজনা চরমে ছিল। ১৪৪ ধারা জারি থাকায়, পুলিস বিক্ষোভকারীদের বাধা দেয়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। বাম নেতাদের আটক করে পুলিশ।

এর রেশ ধরে বেলা গড়াতেই জেলায় জেলায় শুরু হয়েছে বামেদের বিক্ষোভ। চলেছে মিছিল। বানফ্রন্টের অভিযোগ, কলকাতা পুরনিগমের মতো ভোট লুঠ করতে তৈরি শাসক তৃণমূল কংগ্রেস। তাদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন কেন তার ভূমিকা নেবেনা বলে প্রশ্ন তুলেছেন বাম নেতারা।

২২ জানুয়ারি হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুরনিগমের ভোট। এর পর ২৭ তারিখ অন্যান্য পুরসভার ভোট। তবে এখনও নির্দিষ্ট হয়নি হাওড়া পুরনিগমের ভোট কবে হবে।

Bhutan: করোনা নয় প্রবল তুষারপাতে ঘরবন্দি ভুটানি জীবন, Work From Home চালু

News Desk: বাড়ি থেকে কাজ করুন। আসতে হবেনা অফিসে। এমনই নির্দেশ দিয়েছে ভুটান সরকার। বুধবার দেশটির বেশিরভাগ জেলা ও রাজধানী থিম্পু বরফে ঢেকে গেছে। মরশুমের প্রথম তুষারপাতে স্তব্ধ জীবন। পাহাড়ি পথগুলি বিচ্ছিন্ন। পরিস্থিতি বুঝে ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ চালু হয়েছে ড্রাগনভূমিতে ( বজ্র ড্রাগন দেশ)।

করোনার জন্য নয় তুষারপাতের কারণেই এই সিদ্ধান্ত। ভুটানের প্রধানমন্ত্রী দফতর জানাচ্ছে, প্রবল তুষারপাতে পশ্চিম ও মধ্য ভুটানের সর্বত্র যাতায়াত প্রায় বন্ধ। এই অবস্থায় প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। এই খবর জানাচ্ছে ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস।

তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা, প্রতিরক্ষা ক্ষেত্রে যারা নিযুক্ত তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পরিষেবা দিতে বাইরে বের হওয়ারও নির্দেশ আছে। হাসপাতালগুলিতে চিকিৎসকদের সংখ্যা যথেষ্ট থাকার নির্দেশ জারি হয়েছে। এছাড়া অন্যান্য সরকারি পরিষেবার ক্ষেত্রে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

ভুটানের সংবাদ সংস্থার খবর, গত ২৪ ঘণ্টা ধরে তাপমাত্রা হিমাঙ্কেের নিচে। এর ফলে থিম্পু সহ অন্যান্য এলাকায় ভারি তুষারপাত হতে শুরু করেছে। তুষারপাতের কারণে নেপাল, ভারতের সিকিম , অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন।

এদিকে বিশ্বজুডে আতঙ্কের মেঘ ঘনিয়েছে ফের। আবার আসছে সে আসছে…। ফের বন্ধ হবে বিশ্বজোড়া যাতায়াত? হাজার হাজার বিমানের উড়ান বাতিল হতে শুরু করেছে। ঘাড়ের কাছে লাল চোখ নিয়ে হাজির ওমিক্রন-করোনার নবতম ভ্যারিয়েন্ট। করোনা সংক্রমণের গতি দেখে ফের ঘরবন্দি জীবনের প্রস্তুতি শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।