Kashmir Terror Attack: কাশ্মীরে জোড়া জঙ্গি হামলায় নিহত ২

kashmir army

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষও। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার অনন্তনাগ জেলায় বিজবেহারা থানার পুলিশ আধিকারিক মহম্মদ আশরফের উপর জঙ্গিরা হামলা চালায়। তাঁর শরীরে একাধিক গুলি লাগে। এরপরই ঘটনাস্থল থেকে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়। তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

এদিকে, শ্রীনগরেও হানা দেয় জেহাদিরা। শহরের সফকদল থানার অন্তর্গত ইদগাহ এলাকার মেরজনপোরায় এক ব্যক্তির উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে সন্ত্রাসবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রউফ আহমেদ নামের ওই ব্যক্তির। হামলাকারীদের সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, দিনকয়েক আগে জঙ্গিহানায় শহিদ হয়েছেন ২ পুলিশ কর্মী। জখম হন অন্তত ১২ জন। এরপর থেকেই আরও জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গিদমন অভিযান।

Earthquake: পরপর ২টি ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল বেঙ্গালুরু

earthquake

নিউজ ডেস্ক : বুধবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরু। এক কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত বহুতল থেকে আতঙ্কে মানুষজন নীচে নেমে আসেন। জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৩।

এদিন পরপর ২টি ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণের রাজ্য কর্ণাটক। কম্পন অনুভূত হয় রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতেও। তবে জানা গিয়েছে, কম্পনের মাত্রা কম হওয়ায় কোনও বড়সড় ঘটনা ঘটেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। এদিকে কর্ণাটক রাজ্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকালে চিক্কাবল্লাপুর জেলায় ২.৯ ও ৩ মাত্রার ২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এদিন টুইটারে জানিয়েছে, সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ একটি ভূমিকম্প অনুভূত হয়। ২৩ কিলোমিটার গভীরে এটি হানা দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল কর্ণাটকের রাজধানী থেকে ৬৬ কিলোমিটার দূরে ছিল। এর ৫ মিনিট আগেই প্রথম ভূমিকম্পটি হয়।

টুইট করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ‘ভূমিকম্পের মাত্রা: ৩.৩, ২২-১২-২০২১, ভারতীয় সময় ৭টা ১৪ মিনিট ৩২ সেকেন্ড, অক্ষাংশ: ১৩.৫৫ এবং দীর্ঘ: ৭৭.৭৬, গভীরতা: ২৩ কিমি, অবস্থান: বেঙ্গালুরু, কর্ণাটকের ৬৬ কিমি উত্তর উত্তর-পূর্বে।’ এর আগের ভূমিকম্প নিয়ে টুইটে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি লেখে, ‘ভূমিকম্পের মাত্রা: ৩.১, ২২-১২-২০২১, ভারতীয় সময় ৭টা ৯ মিনিট ৩৬ সেকেন্ড, অক্ষাংশ: ১৩.৫৯ এবং দীর্ঘ: ৭৭.৭৩, গভীরতা: ১১ কিমি, অবস্থান: বেঙ্গালুরু, কর্ণাটকের ৭০ কিমি উত্তর উত্তর-পূর্বে।’

Dhankhar to meet Shah: আজই শাহ সাক্ষাতে নয়াদিল্লি পাড়ি ধনখড়ের

jagdeep dhankar
নিউজ ডেস্ক : মঙ্গলবারই ফলপ্রকাশ হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের। আর তাতে গো–হারা হয়েছে বিজেপি। বহু ওয়ার্ডে তিন নম্বরে নেমে এসেছে বিজেপি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এই প্রেক্ষাপটে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুরসভা নির্বাচনের পর এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 
 
জানা গিয়েছে, রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ শাহী দরবারে হাজির হন তিনি। তবে কি বিষয়ে এই বৈঠক তা রাজ্যপাল জানাননি। এই নয়াদিল্লি সফর নিয়ে তিনি একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে যাব।’ তবে মনে করা হচ্ছে, রাজ্যপাল পেগাসাস নিয়ে বারবার যে নথি তলব করেছিলেন রাজ্য সরকারের কাছে তা পেয়েই শাহী দরবারে নালিশ ঠুকতে যাচ্ছেন।
 
এদিকে রাজ্যপালের টুইটের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী কারণে হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে ছুটলেন?‌ কলকাতা পুরসভা নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা তুলে ধরতে এই সফর বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যপালের কাছে একাধিক নালিশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, এদিন সেগুলিও তুলে ধরা হবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পরই দেখা গিয়েছিল রাজ্যপাল নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এবার পুরভোটের ফল প্রকাশের পরও ফের একবার শাহ সাক্ষাতে গেলেন তিনি।  

https://twitter.com/jdhankhar1/status/1473498753462009858?s=20

Women Empowerment: স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলেই কেন্দ্রের তরফে মিলবে টাকা

Women Empowerment

নিউজ ডেস্ক : আগামী বছরেই রয়েছে দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। গোয়া, মণিপুর, পঞ্জাব ও উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পালা। এবার সে কথা মাথায় রেখেই নারী সশক্তিকরণে (Women Empowerment) আরও একধাপ এগোল কেন্দ্র (Centre)।

মঙ্গলবার কেন্দ্রের তরফে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার (Money Transfer) করা হয়। যার মধ্যে অন্যতম ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ। এদিন কেন্দ্রীয় সরকার তা স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে ওই টাকা ট্রান্সফার করা হয়েছে। যার ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী দফতর (PMO) সূত্রের খবর, মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ১.১০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। অন্যদিকে, ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

এছাড়াও এদিন নির্বাচনী রাজ্য উত্তরপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। রাজ্যজুড়ে ২০২ টি কমিউনিটি কিচেনের শিলান্যাস করেন মোদী। যোগীরাজ্যের ৬০০ টি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কমিউনিটি কিচেনের ইউনিট গড়ে তোলা হবে।

KMC Election 2021: কলকাতা পুরভোটে কারচুপির অভিযোগে ধৃত যুবক

election

নিউজ ডেস্ক, কলকাতা : কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election ) বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। বুথ দখল, ছাপ্পা থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ করেছেন তাঁরা। মঙ্গলবার পুরসভা নির্বাচনের ফলাফলে সবুজ ঝড় উঠেছে।

এদিকে কলকাতা পুরভোটে এক ব্যক্তি ইভিএম মেশিনে কারচুপি করেছিল বলে অভিযোগ। এই ঘটনা তখন জানা না গেলেও বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে এবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গৌরব দাস নামে ওই ব্যক্তির নামে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের সঙ্গে একটি ভিডিও জমা পড়ে। সেখানে দেখা যাচ্ছে, একটি পোলিং বুথের ভেতর ইভিএম মেশিনে এই ব্যক্তি বারবার একটি বোতাম টিপে যাচ্ছিল। সেই অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেফতার করা হয়।

https://twitter.com/ANI/status/1473490190647713801?s=20

এদিকে কলকাতা পুরসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। ফলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন তিনি এই কাজ করছিলেন?‌ কোন দলের হয়ে তিনি এই কাজ করছিলেন?‌ তা খতিয়ে দেখছে পুলিশ।

<

p style=”text-align: justify;”>জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে তিনি সেখানে প্রবেশ করেছিলেন?‌ ইভিএম মেশিনে কেন এই ঘটনা ঘটাচ্ছিলেন?‌ সব খতিয়ে দেখা হচ্ছে। বড়তলা থানা বিষয়টি লালবাজারকে জানিয়েছে। পাশাপাশি গৌরবের নামে আগে কোনও অভিযোগ পুলিশের খাতায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Kolkata Weather Update: বড়দিনের আগেই কমল শীতের দাপট

winter

নিউজ ডেস্ক: গত কয়েকদিন জাঁকিয়ে শীতের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রায় ২ ডিগ্রি বেড়ে এদিন কলকাতার তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি হতে পারে তাপমাত্রা।

গত কয়েকদিন ধরে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহের কারণে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপট দেখা যাচ্ছে। উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস বাংলায় ঢোকার জেরে তাপমাত্রা অনেকটাই কমে যায়। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের রেশ কিছুটা কমবে। ফলে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তাই জাঁকিয়ে শীত কিছুটা ধাক্কা খাবে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তামপাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমানের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে ২ দিনের মধ্যেই এসব জেলায় পারদ চড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে প্রবেশ করা উত্তুরে হাওয়া আগামী কয়েকদিনের মধ্যে বাধা পাবে। ফলে কলকাতা তথা রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা বাড়বে। তাই বড়দিনের আগে রাজ্যে শীত কিছুটা কমবে।

Modi in UP: আজ ফের উত্তরপ্রদেশে মোদীর সমাবেশ, লক্ষ্য মহিলা ভোট

modi-in-up

নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে ভোট। আর তার আগে মঙ্গলবার প্রয়াগরাজে ‘ঐতিহাসিক সমাবেশ’-এ (Historical Rally) যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এক মাসে এই নিয়ে ১০ বার তিনি ওই রাজ্যে যাবেন। মোদীর সমাবেশে উপস্থিত থাকবেন ২ লক্ষ মহিলা।

সংবাদপত্রে প্রথম পাতার বিজ্ঞাপন দিয়ে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী চান মহিলাদের ক্ষমতায়ন হোক। তিনি সেলফ হেলপ গ্রুপগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা ট্রান্সফার করবেন। এর ফলে ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা উত্তরপ্রদেশ সরকার। এর আগেও মোদী সরকারি অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন। একটি অনুষ্ঠানে মোদী সমাজবাদী সুপ্রিমো অখিলেশ সিং যাদবকে ‘সন্ত্রাসবাদীদের সমর্থক’ বলে দাবি করেছিলেন।

অখিলেশও পালটা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপি কোনও সরকারি পরিকাঠামো ব্যবহার না করে, নিজের শক্তিতে জনসভা করে দেখাক। এদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস বিবৃতিতে বলা হয়, দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় ৮০ হাজার সেলফ হেলপ গ্রুপ কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে পাবে। এছাড়া ৬০ হাজার সেলফ হেলপ গ্রুপের প্রতিটি ১৫ হাজার টাকা পাবে।

উত্তরপ্রদেশে যাঁরা ডোরস্টেপ ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, তাঁদেরও ওই জনসভা থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করবেন মোদী। এছাড়া মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল প্রকল্পে ১ লক্ষ মানুষ ২০ কোটি টাকা পাবেন।

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী সাপ্লিমেন্টারি নিউট্রিশন ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করবেন। এরকম মোট ২০২ টি ইউনিট গঠন করা হবে। তাতে ১ কোটি টাকা খরচ হবে।

Omicron: আমেরিকায় এই প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু

Omicron-infected person

নিউজ ডেস্ক: ‘ওমিক্রন’ (Omicron) আতঙ্কে এমনিতেই ত্রস্ত গোটা আমেরিকা। এবার করোনার নয়া ভ্যারিয়েন্ট এই প্রথম প্রাণ কাড়ল এক আক্রান্তের। সংবাদ সংস্থা সূত্রে খবর, টেক্সাসের স্বাস্থ্য আধিকারিকের তরফে সোমবার এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, ওমিক্রনে আক্রান্ত মৃতের বয়স পঞ্চাশের ঘরে। তাঁর ভ্যাকসিন নেওয়া ছিল না। পাশাপাশি তাঁর শরীরে একাধিক রোগও ছিল। ফলে আরও জাঁকিয়ে বসে নয়া ভ্যারিয়েন্ট। যদিও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে যে করোনা সংক্রমিত ওই ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ ছিল। এরপরই সরকারের তরফে দেশবাসীকে সতর্ক করে একটি বিবৃতি দেওয়া হয়। টিকা নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

১৮ ডিসেম্বর পর্যন্ত সামনে আসা তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের ৭৩ শতাংশের শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। ফলে সে দেশে করোনাবিধির উপর আরও জোর দেওয়া হয়েছে। একের পর এক টুইট করে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) দেশবাসীকে সতর্ক করেছেন। তিনি লেখেন, ‘বন্ধুগণ, আমেরিকায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম, তা আপনাদের জানাতে চাই। প্রথমে ফ্রন্টলাইন যোদ্ধাদের ধন্যবাদ জানাই। টেস্টিং, হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।’ পাশাপাশি টিকা নেওয়ার এবং বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শও দেন তিনি। বড়দিনের উত্‍সবেও বিস্তর কাটছাঁট করা হয়েছে। যে কোনওরকম জমায়েতে জারি নিষেধাজ্ঞা।

https://twitter.com/POTUS/status/1473107458801426433?s=20

<

p style=”text-align: justify;”>প্রসঙ্গত, চলতি মাসেই বিশ্বে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর উঠে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছিলেন, ‘ইংল্যান্ডই প্রথম ওমিক্রনে মৃত্যুর সাক্ষী হয়।’

Nagaland: AFSPA প্রত্যাহারের দাবিতে নাগাল্যান্ড বিধানসভায় প্রস্তাব পাশ

Nagaland AFSPA

নিউজ ডেস্ক: এবার কেন্দ্রের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতার পথে হাঁটছে নাগাল্যান্ড। সোমবার উত্তর-পূর্বের রাজ্যে বিধানসভায় AFSPA প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হয়। আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার্স অ্যাক্ট (AFSPA) তুলে নিতে হবে দাবি তুলে আগেই মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। এই AFSPA-র আওতায় সেনাকে বিশেষ ক্ষমতা দিয়েছে কেন্দ্র। যার বলে সেনা কোনও পরোয়ানা ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারে বা প্রয়োজনে গুলি করে মারতে পারে।

এমনই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে ১৪ জন নিরীহ গ্রামবাসী সেনার গুলিতে নিহত হন। জঙ্গি ভেবে ভুল করে গুলি চালায় বলে সংসদে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই AFSPA প্রত্যাহারের দাবিতে সোমবার ধ্বনি ভোটের মাধ্যমে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। মুখ্যমন্ত্রী রিও বলেন, ‘গোটা নাগা সমাজ AFSPA-র প্রত্যাহার চাইছে। বিধানসভা অবশ্যই মানুষের ইচ্ছাকে সম্মান জানাবে। মানুষের দাবি, এই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আইন প্রত্যাহার করতে হবে।’

এদিন অধিবেশনের শুরুতে সমস্ত বিধায়ক, স্পিকার ২ মিনিটের জন্য নিহতদের উদ্দেশে নীরবতা পালন করেন। এই প্রস্তাবে সেনার গুলিতে নিরীহ গ্রামবাসীর হত্যার নিন্দা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করা হয়। এমনকী যাঁরা এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে তাঁদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে হাউস।

অধিবেশন চলাকালীন উপমুখ্যমন্ত্রী ইয়ানথুঙ্গো প্যাটন বলেন, ‘ক্ষমতা ও সাহসের বলে নিরাপত্তা বাহিনী এই গণহত্যা ঘটিয়েছে। বছরের পর বছর ধরে এমন চলে আসছে। কেন্দ্র যেন অবশ্যই রাজ্যের মতামত নেয়। রাজ্যের কোনও এলাকা গন্ডগোলের জন্য চিহ্নিত করার আগে যেন সরকারের সঙ্গে কথা বলে কেন্দ্র।’

Kolkata Weather Update: আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

bengal-winter

নিউজ ডেস্ক, কলকাতা : সোমবারের থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও, মঙ্গলবারও কলকাতায় কনকনে শীতের দাপট থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন শৈত্যপ্রবাহ চলবে, এমন আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া দফতর। গতকাল তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা সামান্য বেড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম রয়েছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়ার জন্যই কনকনে ঠান্ডায় জবুথবু মহানগর ও পার্শ্ববর্তী জেলা।

তবে বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে উত্তরও। হিমালয়ের পাদদেশ এলাকায় আগামী ২দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গে এরপর ৩ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বাংলার বিভিন্ন জেলায় আরও কম তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় হিমেল উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ। যার ফলে আরও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গে দু-এক জায়গায় ঘন কুয়াশার সর্তকতা। সিকিম ও অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে তুষারপাতও। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে এর প্রভাব পড়বে। সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

KMC Election Result: ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ১টিতে এগিয়ে বিজেপি

mamata

নিউজ ডেস্ক, কলকাতা : গত ১৯ ডিসেম্বর রবিবার কলকাতায় পুরভোট হয়। আজ সকাল থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা (Counting) শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, কলকাতা পুরভোট (KMC Election 2021) গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)। এখনও পর্যন্ত মোট ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১টিতে এগিয়ে বিজেপি (BJP)। 

২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার,  ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী। আপাতত মোট ৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

আজ সাড়ে ৯০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে ১ জন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার রয়েছেন। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন।

এছাড়াও রয়েছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।

Ushti : উস্তিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা

west bengla police

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তি থানা এলাকায় রবিবার রাতের অন্ধকারে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন ওই যুবক। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আক্রান্ত যুব তৃণমূল (TMC) নেতার নাম সুজাউদ্দিন গাজি। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। রবিবার রাত ১০টা নাগাদ উস্তির উত্তর কুসুম এলাকা দিয়ে যাওয়ার সময় সুজাউদ্দিনকে আচমকা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ।

পুলিশ গিয়ে সুজাউদ্দনিকে উদ্ধার করে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

এদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই সুজাউদ্দিনের অস্ত্রোপচার শুরু করা হয়েছে। তাঁর পেটে একটি গুলি লেগেছিল, যা পিঠ থেকে বেরিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সুজাউদ্দিনের পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন।

Kolkata Allen Park: একাধিক নিয়ম বদলে আজই উদ্বোধন পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালের

park-street-christmas-festival

নিউজ ডেস্ক, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার পার্ক স্ট্রিটে (Park Street) শুরু হচ্ছে এই বছরের ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival in Kolkata)। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেন্ট জেভিয়ার্স কলেজেও যেতে পারেন।

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানা অনুষ্ঠান বাদ পড়লেও ২০২১-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কের সামনে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের মধ্যে নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে তা সীমাবদ্ধ থাকবে। তবে পারফরম্যান্সগুলি ফেসবুক লাইভে দেখা যাবে।

প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উত্‍সবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই উত্‍সবের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করছে চারদিক।

শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় এবার শুরু হচ্ছে বড়দিন বা বর্ষবরণের উত্‍সব। পর্যটন দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগর জেলাতেও এবার পর্যটন দফতরের উদ্যোগে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল পালিত হবে।

Delhi Corona Cases: দিল্লিতে ফের রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Covid 19: 6 thousand infected in one day in the country, 351 deaths in Corona

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: গত ২ দিনে দিল্লিতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় (Corona) আক্রান্ত হলেন। পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সেখানে ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৭ জুনের পর যা সর্বোচ্চ। ১ জনের মৃত্যুও হয়েছে। রাজধানীর স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে, কোভিড-১৯ এ পজিটিভিটির হার ০.১৭% হয়েছে। ২৭ জুনের পর প্রথমবার এত রোগী একসঙ্গে কোভিডে আক্রান্ত হল। 

এর আগে শনিবার, দিল্লিতে ৮৬ টি নতুন কোভিড কেস ধরা পড়েছিল, তার একদিন আগে ৬৯টি নতুন কেস রিপোর্ট করা হয়েছিল। এক সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, ডিসেম্বরে এখনও পর্যন্ত, দিল্লিতে কোভিড-১৯ এর কারণে ৩টি মৃত্যু হয়েছে। নভেম্বরের শুরুতে ৭টি মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে অক্টোবরে ৪টি এবং সেপ্টেম্বরে ৫টি।

শুক্রবার ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর মোট সংখ্যা ১২ থেকে লাফিয়ে ২২-এ পৌঁছেছে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমার সরকার ওমিক্রন সংক্রমণ মোকাবিলা করতে প্রস্তুত। মহামারী থেকে শিক্ষা নিয়েছে আমার সরকার। আমরা সবার কাছ থেকে সাহায্য নিয়েছি এবং একসাথে আমরা এটি নিয়ন্ত্রণে এনেছি।’ 

উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে চলতি বছরে ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল, তার থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে নতুন ভ্যারিয়েন্ট। কারণ এর সংক্রমণ হার উচ্চমাত্রার। ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড়ো অংশ এমনই আশঙ্কা করছেন। তাঁদের মতে, পরের বছর ফেব্রুয়ারিতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রমাণে দেখে গেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট বহু গুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যার জেরে সংক্রমণের হারও বাড়বে তাড়াতাড়ি। তাছাড়া ডেল্টার থেকেও এই ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে বেশি সক্ষম। তবে, অধিকাংশই বাড়িতে সুস্থ হয়ে উঠছেন। 

Weather Update : আজ মরসুমের শীতলতম দিন

kolkata winter

নিউজ ডেস্ক: বছর শেষে রাজ্যে জাঁকিয়ে শীত (Winter)। কলকাতায় (Kolkata) পারদ নামল ১১ ডিগ্রিতে। আজ মরসুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদ পতন (Temperature Drops)। গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু হয়েছে।

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা। কেমনই বা কাটবে কলকাতার বছর শেষ ? আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস, আকাশ পরিস্কার। ২১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস, আকাশ পরিস্কার। ২২ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস, আকাশ পরিস্কার। ২৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস, আকাশ পরিস্কার। ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস, আকাশ পরিস্কার। ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস, আকাশ মেঘলা থাকবে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুসারে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ১৩.৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা সপ্তাহ শেষে ১২ ডিগ্রির নীচে নামে। উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কম ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, এই সপ্তাহে শীতের ঝোড়ো ব্যাটিং চলবে। পারদ আরও নামার সম্ভাবনা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সোম-মঙ্গলবার নাগাদ ১২ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। জেলাগুলিতে আরও নামল পারদ।

অন্যদিকে, বরফে ঢেকেছে হিমাচল প্রদেশ। সিমলার নারকান্দা, সোলাং নালায় পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। মানালি, ভরমৌরে টানা তুষারপাত। কাশ্মীর-লাদাখে তাপমাত্রা শূন্যের নীচে। দিল্লি-পাঞ্জাবে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

KMC Election: ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়’, সাফ জানাল কমিশন

suvendu adhikari

নিউজ ডেস্ক : বিরোধীদের দাবি খারিজ করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়।’ কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রত্যেক বুথের তথ্যই খতিয়ে দেখা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও বুথেই পুনর্নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। 

কলকাতায় পুরভোটে বিক্ষিপ্ত অশান্তি ঘটতে দেখা যায়। বোমাবাজি-ছাপ্পাভোটের একাধিক অভিযোগ আসে বিরোধীদের। রাজ্যপালের কাছে নালিশই নয়, এদিন নির্বাচন কমিশনে গিয়েও ভোটের কারচুপির অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের অফিস থেকে বেরিয়ে বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, যদি দম থাকে তাহলে ভোট বাতিল করে পুর্ননির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলো মিশিয়ে দিয়েছেন।’

কেন্দ্রীয় সরকারের কোনও ল্যাবে ৬ হাজার বুথের সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক অডিট করারও দাবি জানান তিনি। এরআগে শুভেন্দু রাজ্যপালের কাছেও একই দাবি করেন। তাঁর অভিযোগ, চরম রিগিং হয়েথে। কলকাতা পুরনিগমে মাত্র ২০ শতাংশ ভোট হয়েছে। বাকি সব ভুয়ো ভোট। নির্বাচনকে প্রহসন করেছে তোলামূল পার্টি। বিরোধী দল বিজেপির অভিযোগ, বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছে শাসক দল। আদালতে ভিডিও দিয়ে প্রমাণ করা হবে কীভাবে রিগিং হয়েছে।

এদিকে পুরভোটে (KMC Election 2021) কলকাতায় রক্ত ঝরেছে। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও এসেছে বিভিন্ন জায়গা থেকে। খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ‘পোশাক ছিঁড়ে দেওয়া’ হয়। এলএলএ হস্টেলে ‘তালাবন্দি’ থাকতে হয় একদল বিজেপি বিধায়ককেও। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভও দেখান।

Kolkata Weather Update: বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ

Kolkata winter

নিউজ ডেস্ক : শনিবারের চেয়ে রবিবার আরও নেমেছে পারদ (Weather)। মেঘমুক্ত আকাশে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গে ভরপুর শীতের আমেজ। রবিবাসরীয় সকালে জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী। নতুন সপ্তাহের শুরুতে পারদ আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজও ঝোড়ো ব্যাটিং জারি শীতের। দেরিতে হলেও শীতের আমেজ ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। তাপমাত্রা নেমে যেতে পারে ২ ডিগ্রি পর্যন্ত। সব মিলিয়ে আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। বড়দিন থেকে টানা কয়েকদিনের ছুটি জমিয়ে উপভোগ করার সুযোগ। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের আগেই আরও বেশ খানিকটা নেমে যেতে পারে পারদ।

প্রসঙ্গত, চলতি বছরে দীর্ঘ সময় ধরে বর্ষা তার দাপট দেখিয়েছে। বর্ষার মতোই এবার একটানা বেশ কিছুদিন ব্যাটিং করবে শীতও। মরশুমের শুরু থেকেই এই পূর্বাভাস দিয়ে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। শুরুর কয়েকটি দিন সেই ইঙ্গিত মিললেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বদল আসে। উধাও হয় শীত। গত কয়েকদিন ধরে মেঘমুক্ত আকাশ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় কোনও বাধা নেই। তারই হাত ধরে নামছে পারদ।

শীতের দাপটে কাঁপছে উত্তর ভারত। কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস গিয়েছে আইএমডি। শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ড, রাজস্থানে। উত্তরাখণ্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কমলা সতর্কতা জারি হয়েছে রাজস্থানে। দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে। গোটা উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ নামছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। উত্তর প্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।

Philippines Super Typhoon: ফিলিপিন্সে ‘সুপার টাইফুনে’র দাপটে মৃত ৭৫

philippines-super-typhoon

নিউজ ডেস্ক : আমেরিকার পর এবার ফিলিপিন্সে (Philippines) শক্তিশালী ঝড় টাইফুনের তাণ্ডবে মৃত অন্তত ৭৫, নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে দ্বীপবাসীর কাছে জল-খাবার পৌঁছনো সম্ভব হচ্ছে না।

টাইফুন রাই (Typhoon Rai) আছড়ে পড়ার আগেই উপকূলবর্তী এলাকা থেকে পালিয়েছেন বহু মানুষ। ঘর-বাড়ি, রিসর্ট ছেড়ে বেরিয়ে গিয়েছেন অনেকেই। সরকির পরিসংখ্যান বলছে, টাইফুন রাই-এর প্রভাব এড়াতে ঘরছাড়া কমপক্ষে ৩ লক্ষ মানুষ। রবিবার সকাল পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। ফলে সেই সমস্ত এলাকায় অনেকেই আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিল। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার। সে রাজ্যের বিদ্যুত্‍ ও যোগাযোগ পরিষেবা ধাক্কা খেয়েছে।

ফিলিপিন্সে জনপ্রিয় পর্যটনস্থলের বহলের গর্ভনর আরথার ইয়াপ জানিয়েছেন, সেই শহরে ইতিমধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে। জখম অন্তত ১৩ জন। ১০ জনের কোনও খবর নেই। সে দেশের ৪৯ জন গর্ভনরের মধ্যে ২১ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি।

প্রসঙ্গত, বছর শেষে একের পর এক টর্নেডো হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি। নিরাপত্তার স্বার্থে কেনটাকিতে জরুরি অবস্থা (State of Emergency) জারি করা হয়েছে। কেনটাকিতেই অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। একের পর এক বাড়িঘর ভেঙে পড়ায় পুরো রাজ্যই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শুধু কেনটাকিতেই নয়, গোটা দেশেই কমবেশি দাপট দেখিয়েছে টর্নেডো। বিশেষ করে দক্ষিণ-পূর্ব আমেরিকার ৬টি রাজ্যে মারাত্মক প্রভাব পড়েছে।

Zakaria Street Fire: জাকেরিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আগুন

Zakaria Street Fire

নিউজ ডেস্ক: রবিবার ভোট শুরুর ঠিক ঘণ্টাখানেক আগেই বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকোর ৪৪ নম্বর ওয়ার্ডের জাকারিয়া স্ট্রিটে (Zakaria Street)। আগুন দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের দাবি, জাকেরিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের বিপরীতের একটি বাড়ির দোতলায় শাড়ির গুদাম রয়েছে। এদিন সকালে আচমকাই ওই শাড়ির গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। কীভাবে ওই শাড়ির গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শাড়ির গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। দমকল ও পুলিশ সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে।

প্রসঙ্গত, আজ কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে গোটা শহরজুড়ে। ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী কাজ করছেন। জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের ময়দানে নামানো হয়েছে। প্রায় এমন ১০ জন পুলিশ আধিকারিক ভোট কলকাতায় রাজপথে রয়েছেন। এছাড়াও ডেপুটি কমিশনার রয়েছেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ করছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে ২০০টি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেট রয়েছে। জলপথেও রিভার পেট্রোলিং চলছে ৬ জায়গায়। আরএফএস(RFS) ও আরটি(RT) মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকছে ৭২টি, এইচআরএফএস(HRFS) থাকবে ৩৫টি। ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে। চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

KMC Election: ভোটের আগেই কলকাতায় গ্রেফতার ২ সশস্ত্র দুষ্কৃতী

(KMC Election police

নিউজ ডেস্ক: ভোটের দিন কলকাতায় ২৩ হাজার পুলিশ কর্মীকে নামানো হয়েছে। কলকাতা পুরসভা (KMC Election 2021) নির্বাচন শান্তিপূর্ণ করতে তত্‍পর কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার রাতে কলকাতার প্রবেশ পথে নাকা চেকিং করে নাকা চেকিং শুরু হতেই তারাতলা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই যুবক।

পুলিশ সূত্রের খবর, তাদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। বজবজের দিক থেকে তারা তারাতলায় এসেছিল। কোনও অসত্‍ উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে ধারণা পুলিশের। এরপরই ওই ২জনকে গ্রেফতার করা হয়। ‌পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৌমেন মালাকার ওরফে নীল এবং নিশান চৌধুরী ওরফে গোলু। শনিবার রাতে তারাতলা রোডে নাকা চেকিং চলার সময় তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করেন কলকাতার পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা। তখনই তাদের গাড়ি থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি।

প্রসঙ্গত, রবিবার, ভোটের দিন যাতে শহর শান্ত থাকে তারজন্য রাতভর চলেছে নাকা তল্লাশি। কী উদ্দেশ্যে ওই ২ যুবক আগ্নেয়াস্ত্র বা কার্তুজ নিয়ে কলকাতায় ঢুকছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ২ জনকেই আজ আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ভোটের আগে থেকেই শহরের বিভিন্ন প্রবেশ পথে নাকা চেকিং করতে দেখা গিয়েছে পুলিশকে। চারচাকা গাড়ি থেকে আরম্ভ করে দু চাকা গাড়ি, সঙ্গে থাকা ব্যাগ থেকে আরম্ভ করে গাড়ির সিটের তলা, সবই তল্লাশি করছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন হোটেলের রেজিস্টারও খতিয়ে দেখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সূত্রের খবর, কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে ৫৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে। সমস্ত স্পর্শকাতর এলাকায় ২৫ টি ক্যুইক রেসপন্স টিম (QRT) থাকছে। থাকছে ৩৪ টি HRFS টিম। কলকাতা জুড়ে আজ ১৪০টি মোটরসাইকেল পেট্রোলিং করবে। কলকাতায় ঢোকার প্রবেশপথগুলোতে মোট ৫০ টি জায়গায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সম্মিলিতভাবে নাকা চেকিং করছে। সঙ্গে হুগলি নদীতে রিভার পুলিশ পেট্রোলিংয়ে থাকছে। প্রতিটি বুথে একজন করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন। সঙ্গে অন্যান্য ফোর্সও থাকছে।